আলিপুরদুয়ারের পশ্চিম কাঁঠালবাড়িতে সঞ্জয় নদীর উপর পাকা সেতুর দাবি দীর্ঘদিনের।বেহাল রাস্তার সমস্যা মেটাতে চাঁদা ও স্বেচ্ছাশ্রমে কাজে নেমেছেন গ্রামবাসীরা।
তপন রায়,মানুষের মতামত:প্রশাসনের আশ্বাসের অপেক্ষায় দীর্ঘদিন কাটলেও মেলেনি স্থায়ী সমাধান। অবশেষে নিজেদের দুর্ভোগ কমাতে চাঁদা সংগ্রহ করে এবং স্বেচ্ছাশ্রমে সেতু ও রাস্তা তৈরির কাজে নামলেন গ্রামবাসীরা। আলিপুরদুয়ার-১ ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কাঁঠালবাড়ির এই উদ্যোগ ঘিরে সামনে এসেছে গ্রামীণ পরিকাঠামোর বেহাল ছবিও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় নদীর উপর একটি পাকা সেতুর দাবি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ঝুলে রয়েছে। পাশাপাশি, বেহাল গ্রাভেল রাস্তার কারণে প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের। বারবার আশ্বাস মিললেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত নিজেরাই উদ্যোগী হয়েছেন তাঁরা।গ্রামবাসীদের কেউ দিচ্ছেন ৫০০ টাকা, কেউ আবার ১,০০০ টাকা। অনেকে অর্থের পরিবর্তে বাঁশ ও শ্রম দিয়ে সহযোগিতা করছেন। সেই অর্থ ও স্বেচ্ছাশ্রমের সাহায্যে সাঁকো তৈরির পাশাপাশি জেসিবি দিয়ে রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন তাঁরা।
অন্যদিকে, গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি, পাকা সেতু নির্মাণের জন্য লিখিত আবেদন জমা পড়েনি। তবে গ্রামবাসীদের প্রশ্ন, তিন দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও কেন মেলেনি স্থায়ী সমাধান? এবার কি প্রশাসনের নজর পড়বে তাঁদের সমস্যায়, নাকি নিজেদের উন্নয়নের দায়ভার এভাবেই বহন করতে হবে সাধারণ মানুষকে?
