৩৫ বছরের আইএএস কর্মজীবনে বাংলার সঙ্গে আত্মিক বন্ধন,এবার গানে গানে সেই ভালোবাসার প্রকাশ
নাজমুল হাসান,মানুষের মতামত:রাজস্থানি পরিবারে জন্ম, মাতৃভাষা হিন্দি।অথচ দীর্ঘ ৩৫ বছরের আইএএস কর্মজীবনে পশ্চিমবঙ্গের মাটি,মানুষ ও সংস্কৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে বিবেক কুমারের। সেই ভালোবাসাই এবার সুরের ভাষায় প্রকাশ পেল তাঁর নতুন বাংলা গান ‘আমি গান করি’-তে। বাংলাগানের ভুবনে এই নিবেদন শুধু একটি গান নয়,বরং বাংলার শিল্প-সংস্কৃতির প্রতি তাঁর আন্তরিক শ্রদ্ধার প্রকাশ।
গানটির গীতিকার তপন কুমার দেবনাথ। এর আগে বিবেক কুমার ও তপন কুমার দেবনাথ একসঙ্গে ‘চিরনতুন কলকাতা’ গানটিতে কাজ করেছিলেন। সেই যৌথ সৃষ্টির ধারাবাহিকতায় এবার শ্রোতাদের সামনে এল তাঁদের নতুন প্রয়াস ‘আমি গান করি’।কলকাতার সঙ্গীত সংস্থা কসমিক হারমনি-র উদ্যোগে ১১ অক্টোবর, ২০২৬ তারিখে গানটি প্রকাশিত হয়েছে। নবরাত্রি ও দুর্গাপুজোকে ঘিরে বাংলার উৎসবমুখর পরিবেশে এই গান যেন শ্রোতাদের জন্য এক বিশেষ সংগীত-অর্ঘ্য।
গানের শুরুতেই দোতারার সুরে ভেসে আসে গ্রামবাংলার চেনা আবহ,মাটির গন্ধ ও প্রাণের স্পন্দন। ধীরে ধীরে এগিয়ে চলা সুর ও সংগীতায়োজনে ফিরে আসে সত্তরের দশকের বাংলা চলচ্চিত্রের সোনালি সংগীতধারার স্মৃতি। ঐতিহ্য ও নস্টালজিয়ার মেলবন্ধন গানটিকে দিয়েছে এক স্বতন্ত্র আবহ।”মানুষের মতামত” কে বিবেক কুমার জানান, “বাংলা আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা জুড়ে আছে।” বাংলার শিল্প-সংস্কৃতিপ্রেমী মানুষদের উদ্দেশে গানটি উৎসর্গ করে তাঁর আশা, এই সুর শ্রোতাদের মন আনন্দে ভরিয়ে তুলবে।ভাষার সীমা পেরিয়ে ভালোবাসার বন্ধনই যে সংগীতের আসল শক্তি, ‘আমি গান করি’ যেন সেই কথাই নতুন করে মনে করিয়ে দেয়।
