শনিবার, অক্টোবর 10, 2026
03:41:43 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পুজোর মুখে ১৩ অক্টোবরের ডেডলাইন, কোন কাজে তৎপর হতে বলা হল পুরসভাগুলিকে?

দুর্গাপুজো ২০২৬-র আগে পশ্চিমবঙ্গের ১২৪টি পুরসভা ও পুরনিগমের ৩,৩৪৯টি রাস্তা মেরামতে ৮৫১.৭৯ কোটি টাকার অনুমোদন।পথবাতি, সাফাই,নিকাশি,গঙ্গার ঘাটের নিরাপত্তা ও ডেঙ্গি নিয়ন্ত্রণে একাধিক নির্দেশ রাজ্য সরকারের।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:দুর্গাপুজো ২০২৬-কে সামনে রেখে রাজ্যের পুরসভা,পুরনিগম ও উন্নয়ন কর্তৃপক্ষগুলির প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ অক্টোবর বিকেল ৫টায় নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের প্রকাশিত প্রেস নোটে রাস্তা মেরামত,পথবাতি, সাফাই,গঙ্গার ঘাটের নিরাপত্তা এবং নিকাশি ব্যবস্থার উন্নয়নের মতো একাধিক বিষয়ে নির্দেশের কথা জানানো হয়েছে।প্রেস নোট অনুযায়ী, রাজ্যের ১২৪টি পুরসভা ও পুরনিগমের ৩,৩৪৯টি রাস্তার জন্য মোট ৮৫১.৭৯ কোটি টাকার প্রশাসনিক অনুমোদন ও আর্থিক মঞ্জুরি দেওয়া হয়েছে। পাশাপাশি ১১টি উন্নয়ন কর্তৃপক্ষের ১০৬টি রাস্তার জন্য ৭২.২৯ কোটি টাকা এবং কেএমডিএ ও এনকেডিএ-র ২১টি রাস্তা মেরামতের জন্য ৪৪.৫ কোটি টাকার অনুমোদনের কথা উল্লেখ করা হয়েছে।

১৩ অক্টোবরের মধ্যে পথবাতি মেরামতের নির্দেশ:-পুজোর আগে জরুরি ভিত্তিতে পথবাতি বদল ও মেরামতের কাজ ১৩ অক্টোবরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন পুরসভা ও উন্নয়ন কর্তৃপক্ষকে বিশেষ সাফাই অভিযান চালিয়ে আবর্জনা পরিষ্কার করতে বলা হয়েছে। মেট্রো স্টেশন, বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা, পুজোর স্বাগত তোরণ ও আলোর ব্যবস্থার উপরও জোর দেওয়া হয়েছে।শপিং মল, সমবায় প্রতিষ্ঠান ও আবাসন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আলো ও পরিচ্ছন্নতার ব্যবস্থা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। পর্যটনস্থলগুলিতে আলোর ব্যবস্থা করতে এনকেডিএ, কেএমডিএ-সহ বিভিন্ন উন্নয়ন সংস্থাকে নিজস্ব তহবিল ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

গঙ্গার ঘাটে নিরাপত্তা, ক্রেন দিয়ে বিসর্জনে নিষেধ:-গঙ্গায় তর্পণের দিন ঘাটগুলিতে পর্যাপ্ত আলো, নিরাপত্তা এবং দুর্ঘটনা এড়ানোর ব্যবস্থা রাখতে জেলাশাসক, রিভার পুলিশ ও কোস্টাল পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে ক্রেন ব্যবহার না করে নিয়ম মেনে ও ভক্তিভরে বিসর্জন সম্পন্ন করার কথা বলা হয়েছে। বিসর্জনের প্রস্তুতি নিরাপদ ও পরিচ্ছন্নভাবে সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।নিকাশি,ডেঙ্গি নিয়ন্ত্রণ ও কর্মীদের বেতন:-জল জমার সমস্যা কমাতে কেএমডিএ-কে ২৪.৬৮ কোটি টাকা ব্যয়ে নিকাশি ও জলনিকাশি ব্যবস্থার উন্নয়নে ৩৩টি অনুমোদন দেওয়া হয়েছে বলে প্রেস নোটে উল্লেখ রয়েছে। একই সঙ্গে সব পুরসভা ও পুরনিগমকে ডেঙ্গি প্রতিরোধের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

পুরসভা ও উন্নয়ন কর্তৃপক্ষের কর্মীদের বেতন অক্টোবর ২০২৬ পর্যন্ত দেওয়া হয়েছে এবং পেনশনের প্রক্রিয়া ডিসেম্বর ২০২৬-এর তৃতীয় ত্রৈমাসিক পর্যন্ত সম্পন্ন হয়েছে বলে নথিতে জানানো হয়েছে। পুজোর ছুটির আগে পুরসভার কর্মীদের সাম্মানিক ও মজুরি মেটানোর উদ্যোগের কথাও উল্লেখ করা হয়েছে।পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদের বেতন ১৪ অক্টোবরের মধ্যে মেটানো, প্রয়োজন অনুযায়ী তাঁদের বোনাস দেওয়ার বিষয় বিবেচনা এবং ব্লিচিং পাউডার-সহ অন্যান্য সামগ্রীর বকেয়া বিলের অন্তত ৩০ শতাংশ অর্থ ছাড়ার নির্দেশের কথাও প্রেস নোটে রয়েছে।পুজোর আগে রাস্তা, আলো, সাফাই, নিকাশি ও নিরাপত্তা ব্যবস্থা সচল রাখার পাশাপাশি পুর পরিষেবা ও কর্মীদের বকেয়া মেটানোর উপর গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন