জমি বিবাদে পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর সামনেই হাতাহাতি? রেখা পাত্রকে ঘিরে ভাইরাল ভিডিও
সন্দেশখালিতে ৯ বিঘা জমি নিয়ে বিবাদে বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে হাতাহাতিতে জড়ানোর অভিযোগ। পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে উত্তেজনা, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য।ভিডিওর সত্যতা যাচাই হয়নি।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:জমি সংক্রান্ত পুরনো বিবাদকে কেন্দ্র করে ফের বিতর্কে সন্দেশখালির বিধায়ক রেখা পাত্র। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি-২ ব্লকের বউঠাকুরন গ্রামে প্রায় ৯ বিঘা জমি নিয়ে শরিক কালিপদ নস্কর ও তাঁর ছেলে সুভাষ নস্করের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ রয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। অভিযোগ, আদালতের নির্দেশ অনুযায়ী সুভাষ নস্কর জমিতে চাষ করতে গেলে সেখানে পৌঁছন রেখা পাত্র ও তাঁর অনুগামীরা। এরপর দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং পরিস্থিতি হাতাহাতিতে গড়ায় বলে অভিযোগ।
সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা উপস্থিত থাকা সত্ত্বেও রেখা পাত্র নিজেই ওই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এমনকি তাঁকে ঘিরে গালিগালাজের অভিযোগও উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভাইরাল ভিডিওটির সত্যতা ও সম্পূর্ণ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। রেখা পাত্রের প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ঘটনা ঘিরে সন্দেশখালিতে শুরু হয়েছে জোর চর্চা।
