ধর্মান্তরের অভিযোগে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা!পাথরপ্রতিমা থেকে মগরাহাটে সংঘর্ষ, মুখোমুখি অভিযোগ-পাল্টা অভিযোগ

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:ধর্মান্তরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ও মগরাহাটে। পাথরপ্রতিমার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বাড়িতে বহিরাগতদের এনে খ্রিস্টধর্ম সম্পর্কে বোঝানো হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। একই ধরনের অভিযোগ উঠেছে মগরাহাটেও। বিষয়টি ঘিরে দুই এলাকাতেই বচসা, হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে বলে অভিযোগ।স্থানীয় কয়েকজন মহিলা ওই বাড়িতে আসা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে বচসা শুরু হয় বলে দাবি। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
যদিও অভিযোগ অস্বীকার করে বাড়ির লোকজনের দাবি, সেখানে কোনও ধর্মান্তরের কাজ হচ্ছিল না। ধর্মীয় ভ্রমণের মাধ্যমে খ্রিস্টধর্মের বিভিন্ন দিক সম্পর্কে মানুষকে জানানো হচ্ছিল। শারীরিক সমস্যা নিয়েও অনেকে সেখানে আসেন বলে তাঁদের দাবি। তাঁদের পাল্টা অভিযোগ, ধর্মান্তরের অভিযোগ তুলে স্থানীয় কয়েকজন তাঁদের উপর হামলা চালান।
খবর পেয়ে মগরাহাট ও ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
