অমিত শাহর বঙ্গ সফর: নির্বাচনী কৌশল মাথায় রেখেই ঘুঁটি সাজাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ আগামী ১৪-১৫ এপ্রিল পশ্চিমবঙ্গ সফরে আসতে পারেন । বাংলার মাটিতে থেকেই তিনি বাংলার নববর্ষ উদযাপন করতে চান তিনি । একদিকে রাজনীতি, অন্যদিকে বাঙালি মননকে ছুঁয়ে যেতে চান পদ্ম শিবিরের এই গুজরাটি নেতা । বিজেপি সূত্রে জানা গেছে, এই সফর শুধুমাত্র সাংগঠনিক বৈঠকে সীমাবদ্ধ থাকবে না, বরং তা আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্রের খবর অনুযায়ী, অমিত শাহ কলকাতায় এসে রাজ্য বিজেপির বরিষ্ঠ নেতা, কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে বৈঠক করবেন এবং নির্বাচনী পরিকল্পনা ও সাংগঠনিক দিকনির্দেশনা দেবেন।
এই সফরের পেছনে রাজনৈতিক তাৎপর্য অনেকটাই স্পষ্ট। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি উল্লেখযোগ্য ভাবে বিরোধী আসন দখল করলেও ক্ষমতায় আসার স্বপ্ন পূরণ হয়নি। তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে পুনরায় সরকার গঠন করে। সেই ব্যর্থতার পেছনে কোথায় ভুল হয়েছে এবং কীভাবে পরবর্তী নির্বাচনে সেই ভুলগুলো শুধরানো যায়, তা নিয়েই দল নতুন করে কৌশল নির্ধারণ করছে। অমিত শাহর এই সফর সেই পরিকল্পনারই অংশ।
বিজেপি সূত্রে খবর, এবার অমিত শাহ প্রায় নিয়মিত পশ্চিমবঙ্গে সফর করবেন এবং রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে রাতে থাকবেন , স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং মাটির কাছাকাছি থেকে রাজনীতির হালচাল বুঝবেন। এই পরিকল্পনার পেছনে রয়েছে ঘরোয়া সংগঠনকে আরও মজবুত করা ও জনসংযোগ বাড়ানোর লক্ষ্য। নীচুতলায় পৌঁছানো এবং জনগণের মনোভাব বোঝার জন্য শীর্ষ নেতার সরাসরি সম্পৃক্ততা বিজেপির নতুন কৌশলের অংশ বলে মনে করা হচ্ছে।
তাঁর এই সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তাও রয়েছে। প্রথমত, রাজ্য বিজেপিতে সম্প্রতি যে অভ্যন্তরীণ কোন্দলের খবর উঠে এসেছে, তা নিয়ে দলীয় নেতাদের সতর্কবার্তা দেবেন । দ্বিতীয়ত, আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে দলের মনবল বাড়ানো এবং কর্মীদের সক্রিয় করে তোলা এক বড় উদ্দেশ্য। তৃতীয়ত, তৃণমূল সরকারের বিরুদ্ধে আন্দোলনের সুর আরও তীব্র করে তোলার রূপরেখা স্থির করতে পারেন অমিত শাহ। আগামী কয়েক দিনে বিজেপির কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা হবে। নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর পশ্চিমবঙ্গের সংগঠনের সমীকরণ কী হবে সেই বিষয়েও আভাস দিতে পারেন তিনি ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অমিত শাহর এই সফর বিজেপির রাজ্য রাজনীতিতে নতুন দিশা দেখাতে পারে। তাঁর আগমন শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি করবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, এই সফর রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলির মধ্যেও একধরনের সচেতনতা ও প্রতিক্রিয়া তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।
সব মিলিয়ে, এই সফর শুধু একটি নিয়মিত রাজনৈতিক কর্মসূচি নয়, বরং আগামী নির্বাচনের প্রস্তুতির দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে — এমনটাই ধারণা রাজনৈতিক মহলের।