NewsRecent News

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি, নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশ

জিৎ দত্ত,মানুষের মতামত:বাজেটে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই মতো মঙ্গলবার অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ এপ্রিল ২০২৫ থেকে রাজ্য সরকারি কর্মচারীরা মূল বেতনের ১৮ শতাংশ হারে ডিএ পাবেন। মুখ্যমন্ত্রী যখন বিলেত সফরে রয়েছেন তারই মাঝে এ ধরনের বিজ্ঞপ্তি তাৎপর্যপূর্ণ। এদিন নবান্নের তরফে তিন পাতার মহার্ঘ ভাতা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আর এই বিজ্ঞপ্তিতে রাজ্যের সরকারি কর্মচারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থার কর্মচারীদের জন্য অবশ্যই একটা খুশির খবর।

বিজ্ঞপ্তি অনুসারে শুধু রাজ্য সরকারি কর্মচারীরাই নয়, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মী, সরকার অধীনস্থ সংস্থা, পঞ্চায়েত, পুরসভা এবং স্থানীয় সংস্থার কর্মচারীরাও এই সুবিধা পাবেন। এছাড়া, রাজ্য সরকারের পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরাও মূল পেনশনের ওপর ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।

যারা পঞ্চম বেতন কমিশনের অধীনে রয়েছেন, তাদের মহার্ঘ ভাতা ১৬১ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হবে ১৭১ শতাংশ। রোপা ২০০৯ অনুযায়ী পেনশনভোগীরাও ১৭১ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এছাড়াও, দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের মজুরি ২২ টাকা বাড়ানো হয়েছে, যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

তবে এই বৃদ্ধির পরেও কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র মধ্যে ৩৫ শতাংশের ফারাক থাকছে। এই পার্থক্য নিয়ে কিছু কর্মচারী সংগঠন অসন্তোষ প্রকাশ করেছে এবং ন্যায্য ডিএ-র দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

এদিকে, সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের ডিএ সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গেছে। আগামী এপ্রিল মাসে পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। এখন দেখার বিষয়, এই সিদ্ধান্ত নিয়ে কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া কেমন হয় এবং আন্দোলনের পরবর্তী ধাপ কী হতে পারে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *