NewsPublic Interest News

মধ্যমগ্রামে প্রথম বেসরকারি মাতৃদুগ্ধ ব্যাঙ্ক চালু ফ্লোরিডা হাসপাতালের

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:কলকাতার অদূরে মধ্যমগ্রামের ফ্লোরিডা হাসপাতাল রাজ্যের প্রথম বেসরকারি হাসপাতাল হিসেবে মাতৃদুগ্ধ ব্যাঙ্ক (হিউম্যান মিল্ক ব্যাঙ্ক) চালু করতে চলেছে। সরকারি হাসপাতাল এসএসকেএম-এর পর এবার বেসরকারি উদ্যোগে এই বিশেষ পরিষেবা চালু হচ্ছে, যা সদ্যোজাতদের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অনেক মা আছেন, যারা সন্তান জন্মের পরও বিভিন্ন শারীরিক সমস্যার কারণে স্তন্যপান করাতে পারেন না। এই ধরনের পরিস্থিতিতে মাতৃদুগ্ধ ব্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফ্লোরিডা হাসপাতালের এই নতুন ল্যাক্টেরিয়ামে মাতৃদুগ্ধ সংগ্রহ, পরিশোধন, সংরক্ষণ এবং বিতরণের সমস্ত আধুনিক ব্যবস্থা থাকছে। এর মাধ্যমে সদ্যোজাতদের প্রয়োজন অনুযায়ী নিরাপদ মাতৃদুগ্ধ সরবরাহ করা সম্ভব হবে।

শুধু তাই নয়, এই উদ্যোগের পাশাপাশি স্তন্যপান এবং মাতৃদুগ্ধ দানের গুরুত্ব নিয়েও জনসচেতনতা বাড়াতে বিশেষ প্রকল্প শুরু করতে চলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে স্তন্যদুগ্ধ দানে সক্ষম মায়েদের উৎসাহিত করা হবে, যাতে বেশি সংখ্যক শিশু এই সুবিধা পেতে পারে।

২৩ মার্চ, রবিবার স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী রথীন ঘোষের উপস্থিতিতে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হবে। পাশাপাশি, হাসপাতালটি ৪০ শয্যার সমস্ত বিভাগ চালু করছে, যা স্থানীয় বাসিন্দাদের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে।

ফ্লোরিডা হাসপাতালের এই পদক্ষেপ মাতৃদুগ্ধ দানের ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এবং নবজাতকদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *