NewsPublic Interest News

গঙ্গাসাগরের সংগৃহীত বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা প্রথম প্লাস্টিক রাস্তা

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:গঙ্গাসাগর মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুন্যার্থীরা আসেন এবং যাবার সময় তারা নানা ধরনের বর্জ্য পদার্থ ফেলে রেখে যান সাগরদ্বীপে, যার একটি বড় অংশই প্লাস্টিক। এবার গঙ্গাসাগর মেলা থেকে প্রায় ১৫০ মেট্রিক টন প্লাস্টিক সংগ্রহ করেছিল সাগরের ব্লক প্রশাসন। সেগুলিকে রাস্তা তৈরিতে ব্যবহার করছে জেলা প্রশাসন।

দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে তৈরি হচ্ছে প্রথম এমন রাস্তা, যেখানে রাস্তা তৈরির সামগ্রী হিসেবে বিটুমিনের সঙ্গে মেশানো হচ্ছে গঙ্গাসাগর থেকে সংগৃহীত প্লাস্টিক। সাগর মেলার সময় ফেলে যাওয়া প্লাস্টিকের একটি অংশ এখানে রাস্তা তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে। তবে, মনে রাখা দরকার যে গঙ্গাসাগর থেকে উদ্ধার হওয়া সমস্ত প্লাস্টিক এই রাস্তা তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে না। জানা গেছে, এখান থেকে সংগৃহীত কিছু প্লাস্টিক রিসাইক্লিং হয়ে ঘর সাজানোর জিনিস এবং পুতুল তৈরিতেও ব্যবহৃত হচ্ছে।

এই উদ্যোগটি দক্ষিণ ২৪ পরগনায় প্রথমবার শুরু হচ্ছে। ক্যানিং ২ নম্বর ব্লকের পলতা তালতলা এলাকায় ৪.৮৫ কিলোমিটার লম্বা রাস্তার নির্মাণ কার্য শুরু হয় শনিবার সকাল থেকে। রাজ্য প্রশাসনের এক কর্তা জানান, পিচ বা বিটুমিন যেহেতু জল পেলেই নষ্ট হয়ে যায়, তাই প্লাস্টিক ব্যবহারে তা অনেক টেকসই হয় এবং প্লাস্টিকের সঙ্গে বিটুমিন মেশানো থাকলে রাস্তা সহজে নষ্ট হয় না।

দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, গঙ্গাসাগরের সময় প্রচুর পরিমাণে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ হয়েছে বেলাভূমি থেকে এবং তার একটি অংশ রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। তিনি আরো জানান, এই উদ্যোগ সফল হলে পরবর্তী সময়ে অন্যান্য জায়গাতেও প্লাস্টিক বর্জ্য ব্যবহার করা হবে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *