NewsSocial Welfare NewsUncategorized

এই প্রথম জলপাইগুড়ি শহরে পথ কুকুরদের জন্য তৈরি হচ্ছে সময় অনুযায়ী নির্দিষ্ট খাবারের স্থান

 

সানি রায়,মানুষের মতামত:রাজ্য সরকারের নির্দেশ পেয়ে শহরের পথ কুকুরদের খাবারের স্থান ও সময় নির্দিষ্ট করছে জলপাইগুড়ি পুর প্রশাসন। বিষয়টি নিয়ে শহরের ডগ লাভার্স‌ ও পরিবেশপ্রেমীদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের রাস্তায় ও ফুটপাথের পাশাপাশি যত্রতত্র ঘুরে বেড়ানো পথ কুকুরদের খাবারের নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে চিঠি মারফত নির্দেশ এসেছে। এর পরেই বিষয়টি নিয়ে তৎপর হয়েছে জলপাইগুড়ি পুরকর্তৃপক্ষ। জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, পথ কুকুরদের খাবারের স্থান এবং সময় নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য পথ কুকুরদের খাবারের জন্য পুর প্রশাসনের পক্ষ থেকে গোটা শহর জুড়ে নির্দিষ্ট স্থান বেছে নেওয়া হবে। এই বিষয়টি নিয়ে দিন দুয়েক আগে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি চিঠি পেয়েছি আমরা। এজন্য শহরের ডগ লাভার্স‌ ও পরিবেশপ্রেমীদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী কুকুরদের খাবার দেওয়ার জন্য শহরে বেশ কয়েকটি নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হবে। শিশুদের খেলার জায়গা থেকে কিছুটা দূরে হবে এই জায়গাগুলো। এছাড়া পথ কুকুরদের খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এমনকি যারা খাবার দেবেন, তাদের ওই জায়গাটি পরিষ্কার করে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। জলপাইগুড়ি পুরসভার কর্মীদের নিয়েও একটি বৈঠক করা হবে। সঠিক সময় বেঁধে দেওয়ার পাশাপাশি যারা এই খাবার দেবেন তাদের কোনওভাবে যাতে বাধা না দেওয়া হয় তা দেখা হবে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *