Public Interest News

জানেন কি ইতিহাসের সর্বনিম্ন দরে ভারতীয় টাকা?

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:মার্কিন ডলারের বিপরীতে দরপতনের নতুন রেকর্ড গড়েছে ভারতীয় টাকা। প্রতি ডলারের বিপরীতে ৮৪ দশমিক ৮৫ টাকাতে লেনদেন হয়েছে ভারতের মুদ্রা,যা গত সপ্তাহের সর্বনিম্ন ৮৪ দশমিক ৭৫ টাকারও কম।
একইসঙ্গে,১০ বছরের সরকারি বন্ডের ফলন (বন্ডে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের হার) ২ বেসিস পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৯৫৪ শতাংশে।
রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে সঞ্জয় মালহোত্রার নিয়োগের ঘোষণার পর সুদের হার কমানোর প্রত্যাশা বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মালহোত্রা আজ ১১ ডিসেম্বর থেকে দায়িত্ব গ্রহণ করেন। বিদায়ী গভর্নর শক্তিকান্ত দাসের ছয় বছরের মেয়াদ মঙ্গলবার শেষ হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব সচিব হিসেবে দায়িত্ব পালন করা সঞ্জয় মালহোত্রাকে তিন বছরের জন্য আরবিআই গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মালহোত্রার নিয়োগ মুদ্রানীতিতে ‘ডোভিশ’ মনোভাব আনতে পারে। শক্তিকান্ত দাস এবং আরবিআইয়ের ডেপুটি গভর্নর মাইকেল পাত্রা এর আগে মুদ্রানীতিতে ‘হকিশ’ অবস্থান ধরে রেখেছিলেন। জানুয়ারিতে পাত্রার মেয়াদ শেষ হলে নতুন সদস্য নিয়োগ করা হবে।
টাকার মান নিয়ে উদ্বেগ
ট্রেডাররা জানিয়েছেন, টাকার পতন রোধে এরই মধ্যে হস্তক্ষেপ করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)।
রিজার্ভ ব্যাংক সুদের হার অপরিবর্তিত রেখেছে। তবে ৬ ডিসেম্বর নগদ সংরক্ষণ অনুপাত (সিআরআর) কমানোর মাধ্যমে কার্যত মুদ্রানীতি শিথিল করেছে তারা।
বিদেশি ব্যাংকের এক ট্রেডার জানিয়েছেন, আরবিআই যদি প্রবৃদ্ধি-কেন্দ্রিক নীতি গ্রহণ করে, তবে সুদের হার কমে যেতে পারে। এতে মুদ্রার মান আরও কমবে।
তিনি পূর্বাভাস দিয়েছেন, ২০২৫ সালের মার্চের মধ্যে ডলারের বিপরীতে ভারতীয় টাকার দর ৮৬-তে নেমে যেতে পারে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *